Home » Blog » ক্যাসপারস্কি নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

ক্যাসপারস্কি নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার বিক্রি বা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এমনকি বিক্রি হওয়া সফটওয়্যারের আপডেটও দিতে পারবে না

by admin
০ comment
ক্যাসপারস্কি নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

নিরাপত্তা ঝুঁকি এবং রুশ সরকারের সাথে সম্পর্কিত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এবং অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবের সফটওয়্যার বিক্রি নিষিদ্ধ করেছে, যা কার্যকর হবে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে। বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, ক্যাসপারস্কি যুক্তরাষ্ট্রে তাদের সফটওয়্যার বিক্রি বা কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না, এমনকি বিক্রি হওয়া সফটওয়্যারের আপডেটও দিতে পারবে না।

মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেছেন, ‘ক্যাসপারস্কি ল্যাবের ওপর মস্কোর প্রভাব যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং সেবার জন্য বড় ঝুঁকি সৃষ্টি করেছে বলে প্রমাণিত হয়েছে।’

এদিকে, ক্যাসপারস্কি কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। তারা আরো দাবি করেছে যে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো কার্যক্রমের সাথে কোম্পানিটি জড়িত নয়। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে নিষেধাজ্ঞার নির্দেশনা কার্যকর হবে। ওই তারিখ থেকে যুক্তরাষ্ট্রে ক্যাসপারস্কির সফটওয়্যার আপডেট, পুনরায় বিক্রি এবং লাইসেন্সিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে। নিষেধাজ্ঞা ঘোষণার ৩০ দিনের মধ্যে নতুন ব্যবসাগুলোকেও নিয়ন্ত্রণ করা হবে। যদি কেউ নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তবে তাকে মার্কিন বাণিজ্য বিভাগের জরিমানা ভোগ করতে হবে। এছাড়া রাশিয়ার সামরিক গোয়েন্দাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে ক্যাসপারস্কির দুটি এবং যুক্তরাজ্যভিত্তিক একটি ইউনিটের নামও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাণিজ্য বিভাগের তথ্য অনুযায়ী, রুশ সরকারের সঙ্গে ক্যাসপারস্কি ল্যাবের ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে ক্যাসপারস্কির সফটওয়্যার কম্পিউটার সিস্টেমে অ্যাক্সেস থাকার কারণে ম্যালওয়্যারের মাধ্যমে মার্কিন ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চুরি হওয়ার আশঙ্কাও রয়েছে। এজন্যই যুক্তরাষ্ট্র ক্যাসপারস্কির পণ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ২০১৭ সালে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তুলে ফেডারেল নেটওয়ার্কগুলোতে ক্যাসপারস্কির ফ্ল্যাগশিপ অ্যান্টিভাইরাস নিষিদ্ধ করেছিল। পিসি ম্যাগের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর কানাডায় সরকারিভাবে জারি করা সব মোবাইল ডিভাইসে ক্যাসপারস্কির নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় কানাডার ট্রেজারি বোর্ড অব সেক্রেটারিয়েটের চিফ ইনফরমেশন অফিসার গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য উইচ্যাট এবং ক্যাসপারস্কিকে অগ্রহণযোগ্য বলেছিলেন।

আরও পড়ুন:  নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইলন মাস্ক – বাকস্বাধীনতার পক্ষে অনন্য অবদান

ক্যাসপারস্কি ল্যাব ১৯৯৭ সালে মস্কোয় প্রতিষ্ঠিত একটি প্রধান অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি, যা ম্যাকাফি এবং সিম্যানটেকের সঙ্গে প্রতিযোগিতা করে বাজারে রয়েছে। বহুজাতিক কোম্পানিটির সদর দপ্তর মস্কোয় হলেও বিশ্বের ৩১টি দেশে তাদের কার্যক্রম রয়েছে। ২০০টিরও বেশি দেশে প্রায় ৪০ কোটিরও বেশি গ্রাহক এবং প্রায় ২ লাখ ৭০ হাজার করপোরেট ক্লায়েন্টকে সেবা দিয়ে আসছে ক্যাসপারস্কি।

২০২২ সালে ক্যাসপারস্কি পিয়াজিও, ফক্সওয়াগেনের স্প্যানিশ রিটেইল সাবসিডিয়ারি ও কাতার অলিম্পিক কমিটিসহ ২০০টি দেশের ২ লাখ ২০ হাজারের বেশি ব্যবসায়িক গ্রাহকের কাছ থেকে ৭৫ কোটি ২০ লাখ ডলার আয় করে। বিশ্লেষকদের মতে, মার্কিন সরকারের ক্যাসপারস্কি সফটওয়্যার নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ভাবমূর্তি এবং বিক্রিতে প্রভাব ফেলতে পারে।

You may also like

Leave a Comment

About Us

অনুমতি ছাড়া এই ওয়েবসাইট থেকে কোনো লেখা, ছবি ইত্যাদি কপি বা প্রকাশ করা কঠোরভাবে বেআইনি।

কপিরাইট © ২০২৪ TalkBarta দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/talkbart/public_html/wp-includes/functions.php on line 5481